
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৯৯.৯১ শতাংশ কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৯৯.৮১ শতাংশ কারখানায় ঈদ বোনাস প্রদান সম্পন্ন হয়েছে। বর্তমানে মাত্র দুটি কারখানায় বেতন এবং চারটি কারখানায় বোনাস পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া আইনি বাধ্যবাধকতা না থাকলেও মানবিক কারণে প্রায় ৬৪ শতাংশ কারখানা মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম হিসেবে পরিশোধ করেছে।
সংবাদ সম্মেলনে খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে পোশাক রপ্তানি আয় ৩.৭৩ শতাংশ কমেছে। বৈশ্বিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে এই নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রে গত পাঁচ বছরে গ্যাসের দাম ২৮৬ শতাংশ ও বিদ্যুতের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি পেলেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হয়নি। উচ্চ সুদহার ও ব্যাংকিং খাতের তারল্য সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে সরকারের পক্ষ থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ও সহজ শর্তে ঋণ সুবিধা উদ্যোক্তাদের সংকট কাটাতে সহায়ক হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঈদযাত্রায় মহাসড়কের চাপ কমাতে এবার ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ১৭ মার্চ পর্যন্ত অর্ধেক কারখানায় ছুটি হয়েছে, বাকিগুলো এক-দুই দিনের মধ্যে কার্যকর হবে। পরিশেষে, শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নিরাপদ ঈদযাত্রার স্বার্থে মহাসড়কে সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।